Published : 11 Dec 2025, 12:00 AM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় ছাত্রশক্তির তিন কর্মীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে সাইনবোর্ড এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে হামলা হওয়ার কথা বলেছেন অভিযোগ তোলা ব্যক্তিরা।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আব্দুল বারেক বলেন, দুপুরে হামলার কথা বললেও পুলিশকে ঘটনাটি তারা জানিয়েছেন সন্ধ্যায়।
আহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার লেদু মিয়া চৌকিদারের ছেলে রিয়াদ হোসাইন (২৪), সানারপাড়ের ইউসুফ মিয়ার ছেলে মোহাম্মদ তামীম (২৩) ও সাইনবোর্ডের মো. কামরুজ্জামানের ছেলে বায়েজিদ বোস্তামী (২১)।
এর মধ্যে রিয়াদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদর উপজেলা সমন্বয় কমিটির সদস্য। বাকি দুজন এনসিপির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির কর্মী বলে জানান জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম।
যুবশক্তির এ নেতা বলেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে সাইনবোর্ডে নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের পোস্টার সাঁটানোর কাজ করছিলেন দলটির কর্মীরা। রাতে মিতালী মার্কেটের পেছনে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাদের বাধা দেয়। প্রতিবাদ করলে মারধরের শিকার হন তামিম। তার মোবাইল-মানিব্যাগও নিয়ে যান অভিযুক্তরা।
“ওই ঘটনার সিসিটিভির ভিডিও সংগ্রহে দুপুরে সেখানে গেলে আবার হামলার শিকার হন তারা। হামলায় গুরুতর জখম হন তিনজন। তাদের ছুরিকাঘাত করা হয়েছে।”
আহতদের প্রথমে সাইনবোর্ডের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আব্দুল বারেক বলেন, “যেহেতু সিসিটিভির ভিডিও পাওয়া গেছে, সে অনুযায়ী আমরা তদন্ত করছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”