১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় পুলিশের হাত কামড়ে পালালেন আসামি, আটক ৬

আসামি ধরার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 09:52 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

কুমিল্লা সদর উপজেলায় চেকপোস্ট বসিয়ে আসামি ধরার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। এ সময় পুলিশের হাতে কামড় দিয়ে পরোয়ানাভুক্ত এক আসামি পালিয়ে গেছেন। 

শনিবার দুপুরে উপজেলার ধর্মপুর রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক।

তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। আহত পুলিশ সদস্যরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চেক পোস্টে ওয়ারেন্টভুক্ত আসামি মো. রবিনকে (৩০) গ্রেপ্তার করলে সেখানে স্থানীয়দের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। এ সময় একদল লোক পুলিশ ও তাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় রবিন পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যান। 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ইট-পাটেল নিক্ষেপের কারণে পুলিশের একটি গাড়ির ক্ষতি হয়েছে। আর আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।

ঘটনার পরপর ওই এলাকায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। সন্ধ্যা পর্যন্ত সেখান থেকে ছয়জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, “চেকপোস্টে তল্লাশি সময় রবিনকে একটি ছুরিসহ আটক করে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যান রবিন। হামলাকারীরা মাদক ব্যবসায়ী।”

শনিবার সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, “এখনো অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।”