২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে স্ত্রীর অভিযোগের পর বিদেশি পিস্তলসহ দুজন আটক

কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর বড় বোন নুরুন্নাহারের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরেছিলেন ফয়সাল।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2024, 05:25 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

ফরিদপুরে এক নারীর অভিযোগের পর তার স্বামীসহ দুইজনকে আটক ও বিদেশি পিস্তল উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে ফরিদপুর শহরের পূর্ব টেপা খোলা এলাকা থেকে   তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা।

গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার সাদিপুর গ্রামের ফরহাদ মৃধার ছেলে ফয়সাল হোসেন (৩৭) ও দক্ষিণ টেপাখোলা এলাকার ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫)।

অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) শৈলেন চাকমা বলেন, ফয়সালের স্ত্রী কামরুন্নাহার বুধবার কোতোয়ালি থানায় এসে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি জানান, তার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তার বড় বোন নুরুন্নাহারের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরেছিলেন ফয়সাল। 

এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়সাল ও নজরুলকে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নজরুল ইসলামের বাড়ির পাশ থেকে একটি ম্যাগজিন ও দুটি গুলিসহ বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।