১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনার ফুফাতো ভাই হাসানাত আব্দুল্লাহর নামে মামলা

২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি বরিশালের গৌরনদীতে বিএনপির সভায় হামলার অভিযোগে মামলাটি করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শেখ হাসিনার ফুফাতো ভাই হাসানাত আব্দুল্লাহর নামে মামলা
ঢাকার সংসদ ভবন এলাকার বাসভবনে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ (বায়ে), সিটি করপোরেশনের আওয়ামী লীগের প্রার্থী খোকন সেরনিয়াবাত (মাঝে) এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ (ডানে)।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2024, 01:02 AM

Updated : 26 Aug 2026, 10:52 AM

দেড় বছর আগে বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপির সভায় হামলার অভিযোগে শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহসহ ৩৯ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির নেতা আক্কেল আলী সরদার বাদী হয়ে মামলাটি করেন বলে জানান গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস।

মামলায় ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি হাসানাত আব্দুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কারান্তরীন হারিচুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, সহসভাপতি ও খাঞ্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি যুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন মোল্লা ওরফে ভিপি সুমন এবং গৌরনদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার। 

মামলায় বলা হয়েছে, ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি বিএনপির ইউনিয়ন পথযাত্রা উপলক্ষে মাগুড়া-মাদারীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা মাঠে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভার এক পর্যায়ে আসামিরা গোলাবারুদ, আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। 

হামলায় বিএনপি নেতা আক্কেল আলী সরদারকে হত্যার উদ্দেশে গুলিসহ ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে আসামিরা খাঞ্জাপুর বাকাই বাজারে সরদার মার্কেটে হামলা চালায়। সেইসঙ্গে মার্কেটের ২৭টি দোকান থেকে ভাড়ার ১১ লাখ ৯০ হাজার টাকা তুলে নিয়ে যান আসামিরা।

হামলাকারীরা চলে যাওয়ার সময় আক্কেল আলীকে হত্যার হুমকি দিলে, দীর্ঘদিন তিনি এলাকায় যেতে পারেননি। আসামিদের ভয়ে এতদিন মামলাও করেননি। 

ক্ষমতার পালাবদলে এলাকায় ফিরে মামলা করেছেন বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন।