Published : 10 Aug 2025, 03:14 PM
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে উত্তরাঞ্চলের প্রবেশপথ সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয় থেকে ৩৫ কিলোমিটার দূরে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
প্রায় পৌনে দুই ঘণ্টা তারা সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানিয়েছেন।
এর আগে সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিলে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর সুমন কান্তি বড়ুয়া অবরুদ্ধ হয়ে পড়েন।
শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে বহু যানবাহন আটকা এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বেলা পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণ অধিকার পরিষদ ও শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম শিক্ষার্থীদের সঙ্গে মহাসড়কে অবস্থান নেয়।
কর্মসূচি চলাকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় সরকার বলেন, “প্রতিষ্ঠার পর থেকে ভাড়া করা ভবনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। ৭ দফায় ডিপিপি সংশোধন (প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা বা নকশার কোনো পরিবর্তন বা পরিমার্জন করা) করে ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রকল্পে প্রায় ৯৩ দশমিক ৫০ শতাংশ ব্যয় কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে।
“তবুও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ একনেকের সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি।”
শিক্ষার্থী মিরাজ বলেন, “পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের স্থান পরিদর্শন করেন। আমরা মনে করি, তিনি ফিরে গিয়ে পরিবেশের দোহাই দিয়ে এ প্রকল্পের বিরোধিতা করার কারণে এই প্রস্তাবনাটি একনেকে উস্থাপিত হচ্ছে না।”
তিনি বলেন, এর আগে বৃহস্পতিবার একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে দাবি মানতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। সরকার তাতে কর্নপাত না করায় গুরুত্বপূর্ণ এই মহাসড়ক শিক্ষার্থীরা আবার অবরোধ করেছে।
অবরোধ কর্মসূচিতে বক্তারা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে অবাঞ্চিত ঘোষণা করে তার পদত্যাগ দাবি করেন। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডিপিপি বাস্তবায়ন না হলে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা ২০২৪ সালের ২১ ডিসেম্বর থেকে রাজপথে আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯ বছরে ডিপিপি ৮ বার সংশোধন করে জমা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন পরিচালিত করছে।
ওসি আব্দুর রউফ বলেন, শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরে অবস্থান নিয়ে ঢাকা ও উত্তরাঞ্চল লেন বন্ধ করে বিক্ষোভ করেছেন। সেসসয় দুটি ওভারপাস দিয়ে কিছু যানবাহন চলাচল করেছে। অবরোধ তুলে নেওয়ার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।