১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চরমোনাইয়ে মাদ্রাসা ভবনের ছয়তলা থেকে ছাত্রীর লাফ

মাদ্রাসার সহকারী পরিচালক বলেন, “কী কারণে শিক্ষার্থী লাফিয়ে নিচে পড়েছে কোনো কারণই খুঁজে পাচ্ছি না।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 10:52 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

বরিশাল সদর উপজেলার চরমোনাই মহিলা মাদ্রাসা ভবনের ছয়তলা থেকে লাফ দিয়েছে এক ছাত্রী। 

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। ১৫ বছরের ওই ছাত্রী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ বলছে, ওই ছাত্রী চরমোনাই পীর পরিচালিত মহিলা মাদ্রাসার নাজেরা বিভাগের আবাসিক শিক্ষার্থী।

ছাত্রীর মা সাংবাদিকদের বলেন, “আমাদের জানানো হয়, মেয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে। কিন্তু কেন সে আত্মহত্যা করবে? আজকে (শনিবার) তো তার স্বাভাবিকভাবে বাড়ি আসার কথা ছিল।”

তিনি বলেন, “এটা আত্মহত্যার চেষ্টা নয়, এর পেছনে অন্য কিছু আছে। ঘটনার সঠিক তদন্ত ও এর সুষ্ঠু বিচার চাই।”

মাদ্রাসার সহকারী পরিচালক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মোজাম্মেল বলেন, “মাদ্রাসায় ৩ হাজার ২০০ শিক্ষার্থী রয়েছে। রাতের খাবারের সময় হঠাৎ করে নিচে লাফিয়ে পড়েছে সে। কয়েকশ শিক্ষার্থীর চোখের সামনে এ ঘটনা ঘটেছে। 

“কী কারণে শিক্ষার্থী লাফিয়ে নিচে পড়েছে কোনো কারণই খুঁজে পাচ্ছি না। আমরা নিজেদের মত করে বিষয়টি খতিয়ে দেখছি।” 

কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, “দুপুরে পুলিশ পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে। পরিবার অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।”