Published : 16 Jan 2026, 07:30 PM
হুমকি দিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়া বরিশালের সাবেক এক ছাত্রলীগ নেতাকে ঢাকা থেকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বরিশালের কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।
গ্রেপ্তার মঈন তুষার বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
তিনি বরিশালে ব্রজমোহন (বিএম) কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বিএম কলেজ ছাত্র সংসদ-বাকসুর অস্থায়ী ছাত্র কর্মপরিষদের ভিপি ছিলেন।
বরিশাল বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুরসহ একাধিক মামলার আসামি তুষার দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন।
সম্প্রতি তিনি নিজের ফেইসবুকে পোস্ট করেন, “শেখ হাসিনা আইলে বাংলাদেশ খালি হয়ে যাবে।”
এদিকে তুষারকে আটক করে পুলিশে হস্তান্তর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ফেইসবুক পোস্টের উল্লেখ করে তাকে মারধর করতেও দেখা যায়।
পরে সেখানে থাকা পুলিশ তুষারকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ বলেন, “বৃহস্পতিবার রাতে উত্তরা আধুনিক মেডিকেলের সামনে থেকে স্থানীয় জনতা মঈন তুষারকে আটক করে পুলিশে খবর দেয়। তারা পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।”
বরিশালের কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, “তাকে বরিশালের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য কাগজপত্র পাঠানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে বরিশালে নিয়ে আসা হবে।”