গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাবিতে শিবিরের বিক্ষোভ
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে জোহা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে জোহা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, বিএনপি সরকার জনগণের গণরায় উপেক্ষা করেছে। সরকার নির্বাচনের আগে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরে অবস্থান পরিবর্তন করেছে।
তিনি বলেন, “জনগণের রায় বাস্তবায়ন না হলে ছাত্রশিবির জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলবে।”
অফিস সম্পাদক সামীম পাটোয়ারী বলেন, ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের লক্ষ্য ছিল বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন।
তিনি দাবি করেন, গণভোটে সংখ্যাগরিষ্ঠ মানুষ জুলাই সনদের পক্ষে মত দিলেও সরকার তা বাস্তবায়ন করছে না।
এ সময় তিনি স্বাধীন বিচার বিভাগ, সংবিধান সংস্কার ও নিরপেক্ষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গঠনেরও দাবি জানান।
অর্থ সম্পাদক আহসান উল্লাহ ফারহান বলেন, গণভোট ও সংস্কারের পথ সুগম না করা হলে তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।
প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন ও জুলাই সনদকে তোয়াক্কা না করার নীতি স্পষ্ট করছে যে, তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। স্বৈরাচার হাসিনার মত আচরণ করলে এ দেশের জনগণ বিএনপিকেও একই পরিণতি দেখাবে।”
