১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বন্যা-বৃষ্টি: কুমিল্লায় ৩ জনের মৃত্যুর খবর

“কেরামত মাছ ধরতে গিয়ে পিছলে পড়ে যায়। পরে স্রোতের কারণে আর উঠতে পারেননি বলে জানতে পেরেছি।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2024, 05:47 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

কুমিল্লায় বন্যা ও বৃষ্টির মধ্যে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, একজনের মাথায় গাছ পড়ে এবং একজন পানিতে তলিয়ে মারা গেছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার বিভিন্ন সময়ে ওই তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে বলে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানিয়েছেন।    

মৃতরা হলেন-নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর এলাকার বাসিন্দা কেরামত আলী (৪৫), নগরীর ছোটরা এলাকার রাফি (১৫) ও চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া গ্রামের কানু মিয়ার ছেলে শাহাদাত হোসেন (৩৪)।

স্থানীয়রা জানায়, বুধবার মধ্যরাতে নাঙ্গলকোটে মাছ ধরতে গিয়ে স্থানীয় একটি ব্রিজের নিচে পড়ে বন্যার পানির তোড়ে তলিয়ে যান কেরামত আলী। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনাস্থলের অদূরে তার মরদেহ ভেসে ওঠে।

পরে তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেবদাস দেব জানান, কেরামত আলীকে রাত ১২টার দিকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে যান।

তিনি বলেন, “কেরামত মাছ ধরতে গিয়ে পিছলে পড়ে যায়। পরে স্রোতের কারণে আর উঠতে পারেননি বলে জানতে পেরেছি।”

এদিকে বুধবার বিকালে বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক পিলারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নগরীতে রাফি নামে এক কিশোরের মৃত্যু হয়। কুমিল্লা জেনারেল হাসপাতালের চিকিৎসক যোবায়ের হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সকালে সোনাকাটিয়া (আদর্শ গ্রাম) পূর্বপাড়া এলাকায় বন্যার পানিতে মাছ ধরার সময় মাথায় গাছ পড়ে শাহাদাত হোসেনের মৃত্যু হয় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।