Published : 03 Jan 2026, 02:28 PM
চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের অভিযানে দুটি পিস্তল-গুলি, পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অস্ত্র-গুলি, সরঞ্জামগুলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লুট করা বলে প্রাথমিক ধারণা পুলিশের।
শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা এলাকায় জমির উদ্দিন বেপারী বাড়িতে এ অভিযান চালানো হয় বলে শনিবার সকালে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান।
গ্রেপ্তার লাভলী বেগম (৪০) ও তার ছেলে মো. ফয়সাল হোসেন শাকিল (২১) ওই এলাকার বাসিন্দা মো. আলমগীর হোসেনের স্ত্রী ও ছেলে।
তাদের কাছ থেকে একটি ৯ এমএম (তারাস) পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগজিন, ৩০টি গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা, গ্যাস মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, “আমাদের একটি মোবাইল চুরি হওয়ায় আমরা আলমগীরের ঘরে তল্লাশি করি। এক পর্যায়ে একটি পুরনো গিটারের ভেতরে পিস্তল দেখতে পাই।
“এতে আমাদের আরও সন্দেহ বেড়ে যাওয়ায় আমরা পুলিশকে সংবাদ দেই। পুলিশ এসে পুরো ঘর তল্লাশি করে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।”
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে লাভলী বেগম উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো ২০২৪ সালের ৫ অগাস্ট একটি থানায় লুট হওয়া অস্ত্র বলে স্বীকার করেন।
ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড আপস্) মো. লুৎফর রহমান। এই বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আসামীদের আদালতে সোপর্দ করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, অভিযানে লুট হওয়া অস্ত্র, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।