Published : 17 Oct 2025, 07:13 AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ১৪টি হলের ফলাফলে ভিপি পদে ইসলামী ছাত্রশিবিরের মুস্তাকুর রহমান জাহিদ এবং জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার বড় ধরনের ব্যবধানে জয়ের পথে রয়েছেন।
বৃহস্পতিবার দিনভর ভোট শেষে গভীর রাতে এসব হলের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।
রাত সাড়ে ১০টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধিদের ফল ঘোষণা শুরু হয়েছে। এরই মধ্যে মেয়েদের ছয়টি এবং ছেলেদের আটটি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি আছে আর তিনটি হলের ফলাফল।

এরই মধ্যে মুন্নুজান, বেগম রোকেয়া, তাপসী রাবেয়া, খালেদা জিয়া, রহমতুন্নেছা, জুলাই ৩৬, শের-ই বাংলা ফজলুল হক হল, শাহ মখদুম, নবাব আব্দুল লতিফ, আমীর আলী, শহীদ শামসুজ্জোজা, মতিহার, মাদার বক্স, হবিবুর রহমান - এই ১৪ হলের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ১৪ হলে মোট ১০ হাজার ১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীরের ভোট ২ হাজার ৬৬৫।
জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৯ হাজার ১০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজার ভোট ৪ হাজার ৬৮৬।
এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের এস এম সালমান সাব্বির ভোট পেয়েছেন ৫ হাজার ৫৭২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৪ হাজার ৫৮৩ ভোট।
বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বড় ধরনের অনিয়ম-গোলযোগ ছাড়াই টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নয়টি ভবনে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০৯ শিক্ষার্থী, যাদের মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ জন। ভোটের হার ৬৯.৮৩ শতাংশ।
বিকাল সাড়ে ৫টার দিকে সব কেন্দ্র থেকে ব্যালট পেপার ও বাক্স কঠোর নিরাপত্তার মধ্যে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানেই রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ভোট গণনা শুরু হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ১৭টি হল আছে। এর মধ্যে ছয়টি মেয়েদের এবং ১১টি ছেলেদের।