১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভাসমান পেয়ারাবাজারে সস্ত্রীক মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন রপ্তানির সম্ভাবনা

স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে রাষ্ট্রদূত ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ঘুরে দেখেন।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 09:37 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।  

প্রাকৃতিক সৌন্দর্য, কৃষকদের কর্মচাঞ্চল্য এবং ভাসমান বাজারের পরিবেশে মুগ্ধতা প্রকাশের পাশাপাশি তিনি বাংলাদেশের পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথাও বলেন।

রোববার সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে রাষ্ট্রদূত ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ঘুরে দেখেন। এ সময় তিনি নৌকায় বসে চলা বেচাকেনা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় পেয়ারা চাষি, ব্যবসায়ী ও বাগান মালিকদের সঙ্গে মতবিনিময় করেন। 

এ সময় কৃষকরা তাকে পেয়ারা চাষ, উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানান।

স্থানীয় বাগান মালিক ও কৃষকরা বলেন, একজন বিদেশি কূটনীতিকের এমন সফর ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজারকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তুলবে। এর ফলে পর্যটনের পাশাপাশি কৃষিপণ্যের রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

শনিবার রাতে একটি বিলাসবহুল লঞ্চে বরিশালে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। পরে সেখান থেকে সড়কপথে ঝালকাঠির ভীমরুলীতে এসে ভাসমান পেয়ারার বাজার ও বাগান পরিদর্শন করেন।

ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম জনপ্রিয় কৃষিভিত্তিক পর্যটন আকর্ষণ। বর্ষা মৌসুমে খাল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিবছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক এখানে ভিড় করেন।

২০১৯ সালে বাংলাদেশে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারও ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করেছিলেন। সেবারও তিনি নৌকায় করে বাজার ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।