জোয়ারের তোড়ে নিঝুম দ্বীপের চরে ডলফিন, ফেরানো হল নদীতে
এক জেলের মোবাইল ফোনে ধারণ করা দুই ডলফিনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নোয়াখালীর হাতিয়ার উপজেলার নিঝুম দ্বীপে জোয়ারের তোড়ে ভেসে আসা দুটি ডলফিন স্থানীয় জেলেরা নদীতে ছেড়ে দিয়েছেন।
শনিবার বিকালে দ্বীপের বন্দরটিলা ও দমার চরের মধ্যবর্তী চরে কাদাপানি থেকে জেলেরা ডলফিন দুটিকে উদ্ধার করে নদীতে ছাড়েন বলে বন বিভাগের নিঝুম দ্বীপ বিটের কর্মকর্তা মো. সোহাগ জানান।
মোবাইল ফোনে ধারণ করা এক জেলের ভিডিও রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকালের দিকে আশরাফ উদ্দিনসহ কয়েকজন জেলে মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় চরের কাদাপানিতে দুটি ডলফিন আটকে থাকতে দেখেন তারা। তারা ডলফিন দুটিকে নদীর গভীর পানিতে চলে যেতে সহায়তা করেন। এ সময় জেলে আশরাফ উদ্দিন তার মোবাইল ফোনে ডলফিন দুটির ভিডিও ধারণ করেন। যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নিঝুম দ্বীপের বন্দরটিলা ও দমার চরের মাঝখানে ভাটার সময় নদীর পানি অনেকটাই কমে যায়। এ সময় রীতিমতো পায়ে হেঁটে নদী পার হওয়া যায়।
বন বিভাগের কর্মকর্তা সোহাগ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ডলফিন দুটির ভিডিও দেখার পর এ বিষয়ে খোঁজ নেন। ডলফিন দুটিকে নদীর গভীর পানিতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জেনেছেন তারা।
