২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বান্দরবানে ২ দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু

ইউনিসেফের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2026, 04:07 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

বান্দরবানে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। 

মঙ্গলবার সকালে জেলা শহরে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমতাজ উদ্দিন। 

জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। 

কর্মশালার উদ্বোধনে মমতাজ উদ্দিন বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। দেশের যে কোনো ইতিবাচক পরিবর্তনে তারা ভূমিকা রাখতে পারবে। দেশ এবং জাতিকে ভাল কিছু উপহার দিতে পারবে। তাই শিশু-কিশোরদের এখন থেকে নিজেকে গঠন করার উপযুক্ত সময়।

“এই শিশু বয়স থেকে খুদে সাংবাদিক হিসেবে প্রশিক্ষণ পাওয়া বড় একটা সুযোগ। কেউ কেউ বড় হয়ে সাংবাদিক না হলেও সহশিক্ষার পাঠ হিসেবে এ ধরনের প্রশিক্ষণ পরবর্তী জীবনে কাজে লাগবে। দুই দিনের প্রশিক্ষণ থেকে তারা নতুন ভাল কিছু শিখে নিজেদের আরও সমৃদ্ধ করতে পারবে।”

কর্মশালায় প্রেস ক্লাবের সভাপতি ও বেতারের সংবাদদাতা আমিনুল ইসলাম বাচ্চু বলেন, “সাংবাদিকতা এখন কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে। অনেকে বুঝে, না বুঝে সাংবাদিক হয়েছে। চব্বিশ সালের ৫ অগাস্টের পর থেকে দেশে সাংবাদিকদের সংখ্যা আরও বেড়ে গেছে। কিন্তু তাদের বেশিরভাগের কোনো প্রশিক্ষণ নেই, কোনো দক্ষতা নেই। 

“অথচ সাংবাদিকতার শুরু থেকে প্রশিক্ষণের বিকল্প নেই। এখন অনলাইন এবং ডিজিটালের যুগ। একজনকে সাংবাদিককে প্রিন্টের পাশাপাশি মাল্টিমিডিয়াতেও পারদর্শী হতে হচ্ছে। প্রাথমিক পর্যায়ে এসব কিছু বোঝার জন্য এ ধরনের কর্মশালা প্রয়োজন।”

প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং এটিএন বাংলা ও এটিএন নিউজ এর বান্দরবান প্রতিনিধি মিনারুল হক মিনার বলেন, “সাংবাদিকতার ধারা প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। আগের সময় যারা সাংবাদিকতা করে গেছেন তারা এ ধরনের প্রশিক্ষণ পায়নি। বিডিনিউজ এবং ইউনিসেফের উদ্যোগে এ ধরনের কর্মশালা যারা সাংবাদিকতার পেশায় আগ্রহী তাদের বড় সহায়ক হিসেবে কাজ করবে।”

উদ্বোধন পর্বে কর্মশালার লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-ফিচার সম্পাদক ও প্রশিক্ষক হাসান বিপুল। সঞ্চালনা করেন হ্যালো জেলার তত্ত্বাবধায়ক এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি উসিথোয়াই মারমা।

কর্মশালায় অংশ নিচ্ছে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী ২২ জন শিশু শিক্ষার্থী।