১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করেন, সরকারকে গয়েশ্বর

শনিবার লালমনিরহাটে তিনি এসব কথা বলেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2024, 07:53 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে, তাই খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, “ফ্যাসিবাদ শেখ হাসিনামুক্ত বাংলাদেশের জনগণ এখনো তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। মানুষ আর নতুন কোনো কথা শুনতে চায় না, মানুষ ভোট দেওয়ার অপেক্ষায় বসে আছে। দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন থেকে দেশ রক্ষা পেলেও এখনো সংকট কাটেনি। 

“তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবেন।” 

শনিবার বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সপ্তম খেলায় তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা বলেন, “যদি আমরা সেই পরিবর্তনকে মনে ধারণ করে পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারি তাহলেই তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ তৈরি সম্ভব। শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে নতুন বাংলাদেশ তৈরিতে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে এ যাত্রায় আমাদের জয়ী হতে হবে।” 

গয়েশ্বর রায় বলেন, “বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, অনেক নেতাকর্মীকে হারিয়েছি। কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি। বিএনপি নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে।”

লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ফুটবল খেলার অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, দলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন।

এ ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছেন। এ টুর্নামেন্টের প্রতিটি আসরে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন।