২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ রাষ্ট্রীয় কোষাগার লুট করেছিল: স্পিকার

ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 07:55 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

বিগত আওয়ামী লীগ সরকারের লোকজন রাষ্ট্রীয় কোষাগার লুটপাট করে বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

তিনি বলেছেন, “তারা রাষ্ট্রীয় কোষাগার লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে। বিদেশ থেকে আসা সব সহায়তা চুরি করে বিদেশে পাচার করেছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি করে বিদেশে পাচার করেছে।

“বর্তমানে তাদের দোসররা জেলে থাকলেও এখনো জনগণের কাঙ্ক্ষিত বিচারপ্রক্রিয়া পুরোপুরি দৃশ্যমান হয়নি। অথচ গণতান্ত্রিক দেশগুলোতে জনগণের চাহিদা অনুযায়ী দ্রুত অন্যায়-অবিচারের বিচার সম্পন্ন করা হয়।”

রোববার ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর পরিচালনায় সভায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের জনগণ ভোটকেন্দ্রে যাওয়ার আগেই ১৫৩ আসনে নিজেদের বিজয় নিশ্চিত করেছিল বলেও মন্তব্য করেন স্পিকার।  

২০১৮ সালের নির্বাচনি অভিজ্ঞতার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সে সময় নির্বাচনি এলাকায় এলে তাকে ও তার নেতাকর্মীদের ঘর থেকে বের হতে দেওয়া হতো না, বাড়িঘেরাও করে রাখা হতো। এটিই ছিল শেখ হাসিনা আমলের প্রহসনমূলক নির্বাচনের নমুনা।