ফরিদপুরে পুড়ে গেছে ১০ দোকান
এ ঘটনায় প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
ফরিদপুরের আলফাডাঙ্গায় আগুনে ১০টি দোকানের সব মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার রাতে উপজেলার বানা ইউনিয়নের বানা বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আসলাম হোসেন।
বুধবার সকালে তিনি জানান, বানা বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যাওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এর মধ্যে খবর পেয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, আগুনে ১০টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
এছাড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণার কথাও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
