১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাঙামাটির কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল

১৮ মে ভোর ৬টা থেকে ফেরি চলাচল অব্যাহত থাকবে।

রাঙামাটির কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল
রাঙামাটির চন্দ্রঘোনা-রাইখালী রুটে চলা ফেরি। ফাইল ছবি।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2025, 10:08 AM

Updated : 26 Aug 2026, 12:40 PM

ফেরি চলাচলের সুবিধার্থে কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের কাজ শুরু হচ্ছে। সেজন্য রাঙামাটির চন্দ্রঘোনা-রাইখালী রুটে পাঁচ দিন ফেরি চলাচল বন্ধ রাখা হবে। 

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তি আগামী ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখার এ তথ্য জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। 

সওজের রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটি সড়ক বিভাগের আওতাধীন রাঙামাটি (ঘাগড়া)-চন্দ্রঘোনা বাঙালহালিয়া- বান্দরবান সড়কের ফেরি পারাপারের সুবিধার্তে চন্দ্রঘোনা ফেরিঘাটে ড্রেজিং কাজের জন্য আগামী ১৩ মে (মঙ্গলবার) ভোর ৬টা থেকে ১৮ মে (রোববার) ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। ১৮ মে ভোর ৬টা থেকে ফেরি চলাচল অব্যাহত থাকবে। 

এ সময় বিকল্প সড়ক হিসেবে রাঙ্গুনিয়া-বাঙালহালিয়া (সুখবিলাশ) সড়ক ব্যবহার করা যেতে পারে। 

তবে কাজ সম্পাদনের ক্ষেত্রে অনিবার্য কারণবশতঃ অনাকাঙ্ক্ষিত বিলম্ব হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়টি রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, “ফেরি পারাপারের পথে পলি জমার কারণে বিভিন্ন সময়ে ফেরি চলাচল বন্ধ থাকে, তখন ভোগান্তিতে পড়েন মানুষ। তাই আমরা ড্রেজিং করে ফেরি পারাপারের পথের পলি সরানোর উদ্যোগ নিয়েছি।”