০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বরের গাড়ি আটকে কনেকে তুলে নেওয়ার অভিযোগ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

কিশোরগঞ্জে বিয়ে বরযাত্রীরা নববধূকে নিয়ে মাইক্রোবাসে করে বরের বাড়ির দিকে যাচ্ছিলেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 09:55 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিয়ের পর বরের বাড়িতে যাওয়ার পথে মাইক্রোবাস থামিয়ে কনেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে।

উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় রোববার বিকালে এ ঘটনা ঘটে বলে জানান হোসেনপুর থানার ওসি রাশেদুল ইসলাম।

পুলিশ জানায়, হোসেনপুরের একটি মেয়ের সঙ্গে ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক ছেলের বিয়ে হয় রোববার। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়।

বিয়ে শেষে বর ও বরযাত্রীরা নববধূকে নিয়ে মাইক্রোবাসে করে বরের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে হাজিপুর বাজারে ২০ থেকে ২৫ জন যুবক মাইক্রোবাসটি ঘিরে ধরেন। এ সময় গাড়িতে হামলা ও ভাঙচুর করে নববধূকে নামিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ওসি রাশেদুল ইসলাম বলেন, এ ঘটনায় বরের পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। মেয়েটির সঙ্গে আতিকুর রহমান মিয়াদের প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশ জানতে পেরেছে। 

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করা যায়নি এবং কাউকে আটকও করা হয়নি।

হোসেনপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব দেলোয়ার হোসেন রাজীব বলেন, আতিকুর রহমান মিয়াদ ছাত্রদলের কর্মী।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ বলেন, মিয়াদ ছাত্রদলের সক্রিয় কর্মী। মেয়ের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর মিয়াদের ফেইসবুক আইডিতে ‘জীবনে আর কিছু চাওয়ার নাই’ লেখা একটি পোস্ট দেওয়া হয়। 

এ বিষয়ে জানতে তার মোবাইলে ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। আতিকুর রহমান মিয়াদ হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের বাসিন্দা।