Published : 21 Jul 2026, 01:03 PM
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রায় তিন বছর ধরে কালভার্টের মুখ ভরাট করে রাখ বালি ও মাটি অপসারণ করা হয়েছে। এতে দীর্ঘ জলাবদ্ধতা থেকে মুক্তি পেলেন অন্তত ৩০০ পরিবার।
তিন দিন আগে বিষয়টি নিয়ে স্থানীয় এক যুবক ফেইসবুকে ভিডিও পোস্ট করার পর স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে সোমবার কালভার্টের মুখ উন্মুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম, বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক ওলিউর রহমান খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগীরা জানান, উপজেলার বর্নি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাসির সড়কের নিচে সরকারি জায়গায় একটি ভূগর্ভস্থ কালভার্ট ছিল; যার মাধ্যমে বৃষ্টির পানি সরাসরি নদীতে গিয়ে পরত। কিন্তু প্রায় ৩ বছর আগে পার্শ্ববর্তী গ্রামের বাবুল শেখ সরকারি জায়গা দখল করতে মাটি ও বালি ভরাট করেন।
এরপর থেকে নলের মুখটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। পানি নিষ্কাশন না হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার মধ্যে বসবাস করতে হতো বাসিন্দাদের। এতে ভোগান্তিতে পড়েন বিদ্যালয়মুখী শিক্ষার্থীসহ হাজারো মানুষ। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি।

এর মধ্যে শুক্রবার জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগ নিয়ে স্থানীয় এক যুবক ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর নজরে আসে। পরে তার নির্দেশে কালভার্টের মুখ উন্মুক্ত করা হয়।
ওই এলাকার বাসিন্দা বাঁকা খাঁ বলেন, কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় বর্ষা এলেই জলাবদ্ধতায় জীবনযাত্রা স্থবির হয়ে পরত প্রায় ৩০০টি পরিবারের। গত তিন বছরে একাধিকবার বিষয়টি জনপ্রতিনিধির জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি।
এমপির নির্দেশে বিএনপি নেতা-কর্মীরা কালভার্টের মুখ উন্মুক্ত করেছেন। এজন্য এলাকাবাসী তাদের প্রতি কৃতজ্ঞ।
একই ওয়ার্ডের রুনা আক্তার বলেন, “দীর্ঘদিন পানি আটকে থাকায় ছেলে-মেয়েরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারতো না, বইখাতা নষ্ট হয়ে হত। এ ছাড়া গবাদি পশু পালনসহ দৈনন্দিন কাজ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হত। অবশেষে কালভার্টের মুখ থেকে মাটি ও বালি সরিয়ে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করে দেওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে।”
টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম বলেন, সংসদ সদস্যের নির্দেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সোমবার দিনব্যাপী কাজ করে কালভার্টের মুখে থাকা বালি ও মাটি সরিয়ে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করেন।
ব্যক্তি স্বার্থে জনগণের দুর্ভোগ হয় এমন কোনো কাজ না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।