ময়মনসিংহে বিদেশি পিস্তল উদ্ধার, ১ নারী গ্রেপ্তার
পুলিশ জানায়, হ্যাপির বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদেশি পিস্তলসহ এক নারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার ভোরে গফরগাঁও পৌর শহরের শিলাসী এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার হয় বলে গফরগাঁও থানার ওসি মো. শিব্বিরুল ইসলাম জানান।
গ্রেপ্তার নাদিরা আক্তার হ্যাপি (৫০) ওই এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসার ভাড়াটিয়া। হ্যাপি তার স্বামী আবু হোসেনের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন।
ওসি শিব্বিরুল বলেন, “যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই বাসায় অস্ত্রসহ এক নারী বসবাস করছেন। এরপর অভিযান চালিয়ে হ্যাপিকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, “এ সময় তার কাছ থেকে ভারতীয় এনআইডি কার্ড, বিদেশি পিস্তল, খেলনা পিস্তল, রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, চায়না চাপাতি, চাকু, হ্যামার, শিশা টানা পাইপ, বড় ত্রিশূল, ছোট ত্রিশূল, হুক্কা, কল্কি, পাঁচ সৌদি রিয়াল ও দুই হাজার ৮০০ ভারতীয় রুপি জব্দ করা হয়।”
শিব্বিরুল বলেন, “হ্যাপি অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ইয়াবা সেবনকারী হিসেবে পরিচিত। গ্রেপ্তারের পর যৌথ বাহিনী তাকে গফরগাঁও থানায় হস্তান্তর করেন।”
হ্যাপির বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
