২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে নদীতে নৌকা ডুবে প্রাণ গেল দুই বন্ধুর

পুলিশ জানায়, সাত বন্ধু সাঁতার কেটে তীরে উঠতে পারলেও সজল ও তন্ময় পানিতে ডুবে যান।

সিরাজগঞ্জে নদীতে নৌকা ডুবে প্রাণ গেল দুই বন্ধুর
সিরাজগঞ্জের শাহজাদপুর থানা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 03:42 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বড়াল নদীতে ঘুরতে গিয়ে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে; এ সময় আহত হয়েছেন আরও একজন। 

শনিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার পোতাজিয়া চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে শাহজাদপুর থানার ওসি মো. সবুজ রানা জানান। 

নিহতরা হলেন- উপজেলার পৌর শহরের দারিয়াপুর মহল্লার শাহ আলমের ছেলে সজল (১৮) ও একই মহল্লার তৌহিদের ছেলে তন্ময় (২০)।

স্থানীয়দের বরাতে ওসি সবুজ রানা বলেন, দুপুরে ৯ বন্ধু মিলে একটি ডিঙি নৌকা ভাড়া করে উপজেলার বড়াল নদীর জদুর জোলা খেয়া ঘাট থেকে রেশমবাড়ির দিকে রওনা হন তারা। পোতাজিয়া চারমাথা এলাকায় পৌঁছলে পানির তোড়ে নৌকাটি পানিতে ডুবে যায়। 

“এরপর ৭ বন্ধু সাঁতার কেটে তীরে উঠতে পারলেও সজল ও তন্ময় পানিতে ডুবে যান। এরপর স্থানীয়রা তাদের তাৎক্ষনিক উদ্ধার করে উপজেলার পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।” 

লাশ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত একজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মকবুল হোসেন বলেন, নৌকাটি যেখানে ডুবেছে সেখানে অনেক পানি ছিল। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা দুইজনের লাশ উদ্ধার করেছেন। বাকিরা সাঁতার কেটে তীরে উঠেছিল।