১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে গাড়িচাপায় পেট্রোল পাম্পকর্মীকে হত্যা: চালকের জবানবন্দি

রিপন সাহা করিম ফিলিং স্টেশনে কাজ করতেন। শুক্রবার ভো‌রে ওই ফিলিং স্টেশনের সামনে গাড়িচাপা দেওয়া হয় তাকে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2026, 08:09 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

রাজবাড়ীতে সাবেক যুবদল নেতার গাড়িচাপা দিয়ে পেট্রোল পাম্পের কর্মীকে হত্যার মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন চালক। 

শনিবার বিকাল ৪টার দিকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম‌্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. মহসিন হাসান জবানবন্দিটি লিপিবদ্ধ করেন বলে জানিয়েছেন রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল মোল্লা। 

জবানবন্দি শেষে গাড়ি চালক কামাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। 

এ ঘটনায় কারাগারে আছেন গাড়ির মালিক ও রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন। তিনি প্রথম শ্রেণির একজন ঠিকাদার।

নিহত ব্যক্তির নাম রিপন সাহা (৩২)। তিনি গোয়ালন্দ মোড় এলাকায় ‘করিম ফিলিং স্টেশনে’ কাজ করতেন। শুক্রবার ভো‌রে ওই ফিলিং স্টেশনের সামনে গাড়িচাপা দেওয়া হয় তাকে।

এ ঘটনায় রিপনের ছোট ভাই লিটন সাহা বাদী হয়ে শুক্রবার সন্ধ‌্যায় সুজন ও চালক কামালকে আসামি করে হত্যা মামলা করেছেন।

মামলা ও ঘটনাস্থলের সিসিটিভর ফুটেজের বরাতে পরিদর্শক রাসেল মোল্লা বলেন, শুক্রবার ভোরে উপজেলার করিম ফিলিং স্টেশনে একটি জিপগাড়ি আসে। সেই গাড়ি থেকে নেমে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন পাম্পে দায়িত্বরত রিপন সাহাকে পাঁচ হাজার টাকার অকটেন দিতে বলেন।

তেল নেওয়া শেষে টাকা পরিশোধ না করেই সুজন গাড়িতে উঠে চালককে দ্রুত গাড়ি চালানোর নির্দেশ দেন। এ সময় তেলের টাকা নেওয়ার জন্য রিপন দৌড়ে গাড়ির কাছে গেলে তাকে চাপা দিয়েই গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে। 

এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। 

প্রথমে দুর্ঘটনা হিসেবে দেখা হলেও পরে সিসি ক্যামেরার ভিডিওতে চাপা দেওয়ার পুরো দৃশ্য দেখা যায় বলে দাবি পুলিশের।

এ ঘটনায় জব্দ করা হয়েছে সুজনের কালো রঙের টয়োটা ক্লুগার (এসইউভি) গাড়িটি।

রাসেল মোল্লা আরও বলেন, শনিবার বিকালে গাড়ি চালক কামাল হোসেনকে আদালতে নিয়ে আসা হলে তিনি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

আগের সংবাদ

পাম্পকর্মীকে 'গাড়িচাপায় হত্যা', রাজবাড়ী যুবদলের সাবেক সভাপতি গ্রেপ্তার