১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিশুকে স্বপ্ন দেখানোটা খুবই গুরুত্বপূর্ণ: উপদেষ্টা

টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি ভবনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 07:49 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

প্রতিটি শিশুকে স্বপ্ন দেখানোটা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেছেন, “শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হলে শিশুরা পড়ালেখা করে আনন্দ পায়। প্রতিটা শিশুকে স্বপ্ন দেখাতে হবে, স্বপ্ন শিখাতে হবে, সে যেন স্বপ্ন দেখতে পারে- এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 

“শিশুরা কেন পড়বে তার একটা স্বপ্ন থাকা দরকার। ফলে শিশুকে স্বপ্ন দেখানোটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা শিশুর মধ্যে সব সময়ই ‘আমিও পারি’ এই সাহস জাগ্রত করতে হবে।”

রোববার দুপুরে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি ভবনে ‘শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, “শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ অবশ্যই আনন্দদায়ক হতে হবে। আমাদের প্রাথমিক শিক্ষার উদ্দেশ হচ্ছে, শিশুর মধ্যে সুপ্ত সম্ভবনাগুলোকে বিকশিত করা, শিশুকে সুনাগরিক এবং সমাজের দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলা। এই কাজটি আমরা করব পাঠ্যক্রম, সহপাঠ্যক্রম অথবা উচ্চ পাঠ্যক্রমের মাধ্যমে।”

তিনি বলেন, “শিক্ষকদের কাছ থেকে আমরা প্রাথমিক শিক্ষার কোথায় কী করতে হবে- সে বিষয়ে স্বচ্ছ ধারণা নিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্রছাত্রীসহ সব কিছুরই সমস্যা চিহ্নিত করতে পেরেছি। সেসব সমস্যার সমাধান করতে পারলে আগামীতে প্রাথমিক শিক্ষার চিত্রই পাল্টে যাবে। আমরা সে চেষ্টাটাই করছি।”  

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজমুল হক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান।

পরে উপদেষ্টা জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। শনিবার তিনি টাঙ্গাইলের সখীপুরে আসেন। ওইদিন সন্ধ্যায় প্রথমিক ও গণশিক্ষা উপদেষ্টা সখীপুরের সি-গাল রিসোর্টে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলটিং করার উদ্দেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলাপঠন দক্ষতা উন্নয়নের জন্য শিখন সামগ্রী প্রণয়ন’ বিষয়ক কর্মশালায় যোগ দেন।