১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিরল শাক-লতার ব্যতিক্রমী মেলা

এ মেলায় এক মঞ্চে স্থান পেয়েছে মোট ১৩১ প্রজাতির বিরল, বিলুপ্তপ্রায় ও অচাষকৃত শাক-লতা-পাতা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 03:15 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

উপকূলের লোনা জল, ঘূর্ণিঝড় আর পরিবেশ ঝুঁকিতে হারিয়ে যেতে বসেছে বহু দেশজ শাক-লতা ও ভেষজ উদ্ভিদ। সেই হারানো ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে সাতক্ষীরার শ্যামনগরে ব্যতিক্রমী শাক-লতা ও ভেষজ মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শ্যামনগরে চন্ডিপুর দুর্গামন্দির মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ মেলায় এক মঞ্চে স্থান পেয়েছে ১৩১ প্রজাতির বিরল, বিলুপ্তপ্রায় ও অচাষকৃত শাক-লতা-পাতা। 

জীব-বৈচিত্র্য ও পরিবেশ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ-বারসিকের আয়োজনে উপকূলের মানুষের ঐতিহ্য, চিকিৎসাজ্ঞান ও খাদ্যসংস্কৃতির এমন অনন্য প্রদর্শনী দেখতে মেলা প্রাঙ্গণে ভিড় করেন বৃদ্ধ, নারী, শিশু, কিশোর সব বয়সী মানুষ। 

কারও হাতে ছিল খাতা-কলম, কেউ ছবি তুলছেন, কেউ আবার প্রতিটি শাকের নাম, ব্যবহার ও ঔষধি গুণ জানতে আগ্রহী হয়ে ঘুরে বেড়িয়েছেন স্টল থেকে স্টলে। 

লোনা মাটির এই উপকূলীয় অঞ্চলে যেসব শাক-লতা আর আগের মতো দেখা যায় না, সেসবের এত বিস্তৃত সংগ্রহ দেখে দর্শনার্থীর পাশাপাশি গবেষকরাও বিস্ময়ে অভিভূত হয়েছেন।

১২টি স্টলে মেলায় প্রদর্শিত বিভিন্ন শাকের মধ্যে ছিল- ব্রাহ্মী শাক, পিপুল শাক, ঘুম শাক, শান্তি শাক, গিমে শাক, ননিয়া শাক, নোনা শাক, কালো কচু শাক, কাটানোটে শাক, পেপুল শাক, সেতা শাক, আমরুল শাক, ঘোড়া শান্তি শাক, পেপরুল শাক, মাটি ফোড়া শাক, বেতো শাক, দুধে শাক, কুলফি শাক, থানকুনি, বৌনুটি, বনপাটরি, সজিনা পাতা ইত্যাদি। 

মেলায় ছিল শিউলি পাতা, জবা ফুল পাতা, আলু পাতা, বাসক পাতা, মিশরি পাতা, নিম পাতা, অড়ল পাতা, ধুতরা পাতা, কেয়া পাতা, কালমেঘ পাতা, বাকোস পাতা, ওড়ল পাতা।

নানা ধরনের ভেষজের মধ্যে ছিল- হলুদের ফুল, অর্জুন গাছ, অর্জুন ছাল, আকন্দ, তুলসি, সাদা তুলসি, বন তুলসি, ঈশানমূল, মনসা সেজি, দূর্বা, ডুমুর, ধৃতকুমারী, পাথরকুচি, হাতিশুর প্রভৃতি। 

এছাড়া মাধবী লতা, স্বর্ণলতা, সাদা অপরাজিতা, নীল অপরাজিতা, জার্মানি লতা,  সবুজ শাপলা, সাদা শাপলা, শালুক, কাল কচু, তেলা কচু, মান কচু, বন মুলাও ছিল মেলায়।

এছাড়া মুক্ত ঝুরি, কেশে, ষষ্ঠী বট, খুত কৃমি, বিলম্ব, কুলে খাড়া, কেশরাজ, ভুই ওগড়া, খুত কেউড়ে, ঘেটকুল, উলটকম্বল, কানসিরা, রাঙা কুচ, সিশ আকন্দ, নোনা গড়গড়ে, রাখাল চটকে, চির বসন্ত, বামনহাটি, নাগমণি, হেন্না গাছ, উলো গাছ, কসম গাছ, মান্দার গাছ, হেলানচো, ঢেপ, নীলকণ্ঠ, আদা বরন, রক্ত কেউটে, বন টমেটো, বন ঢেঁড়স, কলাবতী, কলার থোড়, মোচা, হেকড়া, শিয়ালকাঁটা, তিন বেগুন, মেরি সূর্যমুখী, সাদা বদির দেখা মিলেছে মেলায়।

এত বিস্তৃত সংগ্রহ এক জায়গায় দেখে মেলার দর্শনার্থীরা বলেন, এগুলো আমাদের শৈশবের খাবার ছিল, এখন আর অনেকটাই নেই। আজ আবার দেখলাম মনে হলো পুরনো দিনে ফিরে গেলাম।

অনেকে জানান, এগুলোর পুষ্টিগুণ ও ঔষধিগুণ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এমন মেলা নিয়মিত হওয়া প্রয়োজন।

অংশগ্রহণকারীরাও জানান, পূর্বপুরুষের চিকিৎসায় ব্যবহৃত বহু উদ্ভিদ আজ বিলুপ্তপ্রায়। তাই এগুলোকে চাষাবাদে ফিরিয়ে আনা জরুরী। 

মেলায় স্থানীয় নারীদের নেতৃত্ব ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতামূলক প্রদর্শনীতে ১১৫ প্রকারের শাক-উদ্ভিদ প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেন লতিকা রাণী, দ্বিতীয় হন শম্পা রাণী ১১২, তৃতীয় স্থান অর্জন করেন কল্পনা রাণী।

অন্যান্যদের মধ্যেও তুমুল প্রতিযোগিতা ছিল। ইতি গাইন দেখান ১০৯ প্রজাতি, নুপুর রাণী ১০২, সুন্দরী রাণী ১০০, যমুনা গাইন ৯৫, মালতি রাণী ৯৩, তৃষ্ণা-কনিকা জুটি ৯০, শিখা রাণী ৮০ এবং জোসনা বালা ৫৫ প্রজাতি দেখান। 

দেশজ জ্ঞান সংরক্ষণে বারসিকের এ মেলা বড় ভূমিকা রাখবে জানিয়ে আয়োজকরা বলেন, শুধু প্রদর্শনী নয় স্থানীয় জ্ঞান সংরক্ষণ, খাদ্য নিরাপত্তা জোরদার, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা, তরুণ প্রজন্মকে দেশজ উদ্ভিদের প্রতি আগ্রহী করা এসব লক্ষ্য পূরণেই এমন আয়োজনের মূল লক্ষ্য। 

পরিবেশ বিশেষজ্ঞ অধ্যক্ষ আশেক ই এলাহীদের মতে, চন্ডিপুরের এই সবুজ মেলা এক নতুন পরিবেশ আন্দোলনের সূচনা। এই আয়োজন শুধু স্মৃতি নয় উপকূলের মানুষের টিকে থাকার সংগ্রামের প্রতীকও হয়ে উঠেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি বলেন, উপকূলীয় লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন ও বারবার ঘূর্ণিঝড়ে বহু দেশজ উদ্ভিদ হারিয়ে যাচ্ছে। এমন আয়োজন মানুষকে সংরক্ষণে উৎসাহিত করে এবং পরিবেশ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ মেলা যতদিন থাকবে, উপকূলের স্থানীয় উদ্ভিদের অস্তিত্ব টিকে থাকবে।