Published : 14 Jan 2026, 10:35 PM
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাকরুল মোল্লার ছেলে আব্দুর রহমান (২৩)।
আশুগঞ্জ থানার ওসি মো. সফিউল আলম চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা হাসপাতাল থেকে লাশ নিয়ে ভৈরবে চলে যান। বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মোটরসাইকেলে করে দুই যুবক ভৈরবের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে দুই বাইক আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাঁটিখাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।