লক্ষ্মীপুরে আটকের পর ঘর থেকে পিস্তল-গুলি-ম্যাগাজিন বের করে দেন যুবক
আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে আটক এক যুবক তার বসতঘর থেকে বিদেশি পিস্তল, তিনটি গুলি ও একটি ম্যাগাজিন বের করে দিয়েছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের গোলাম রহমান হাজী বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
আটক মহিন উদ্দিন (৩০) একই বাড়ির প্রয়াত জাহাঙ্গীর আলম খোকনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে মহিনকে আটক করা হয়। পরে মাহিন তার ঘর থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিন বের করে পুলিশের হাতে দেন।
তিনি বলেন, মাহিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। তবে তার নামে আগের কোনো মামলা নেই।
এর আগে ১৮ অগাস্ট একই ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, ১২টি গুলি ও একটি ফোল্ডিং নাইফসহ পিচ্চি নিশানকে গ্রেপ্তার করে র্যাব। পিস্তলটি জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে ভাষ্য র্যাবের।
