০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

মৃত শিশুর মধ্যে একজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও অন্যজন জামালপুরের বাসিন্দা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 09:49 AM

Updated : 26 Aug 2026, 03:36 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ মাস ও ১০ মাস বয়সী শিশু দুটি মারা যায় বলে জানিয়েছেন সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।

বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, মৃত শিশুর মধ্যে একজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও অন্যজন জামালপুরের বাসিন্দা। 

জামালপুরের বাসিন্দা তিন মাস বয়সী শিশুকে হামের উপসর্গ নিয়ে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার বিকালে শিশুটি মৃত্যুবরণ করে। 

অপরদিকে জেলার ঈশ্বরগঞ্জের বাসিন্দা ১০ মাস বয়সী শিশুটিকে গত ৫ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার ভোরে শিশুটি মারা যায়। 

হাসপাতালের তথ্যমতে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৩মে পর্যন্ত হাম আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৬৬ জন। একই সময়ে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। 

বুধবার সকালে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ৯৬ শিশু। 

হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ঝন্টু সরকার বলেন, টিকার কার্যকারিতা শুরু হলে হামের প্রকোপ কমে যাবে। এটি ছোঁয়াচে হওয়ায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। একটু সচেতনতা পারে শিশুকে সুরক্ষিত রাখতে।