১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গিয়ে আটক গণজাগরণ মঞ্চ নেতা কারাগারে

ময়মনসিংহের ভালুকা থানা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গিয়ে আটক গণজাগরণ মঞ্চ নেতা কারাগারে
গ্রেপ্তার আবুল কালাম আজাদ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2025, 06:08 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

ময়মনসিংহের ভালুকা থানায় পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গিয়ে আটক গণজাগরণ মঞ্চের এক নেতাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে থানা ভবন থেকে আটকের পর মারামারির মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানান ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ (৭৫) ভালুকা উপজেলার বাশিল গ্রামের প্রয়াত মৌলভী হাবিবুল্লাহ মাস্টারের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে আজাদ তার ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্সের নবায়নের জন্য থানায় যান। বিষয়টি জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জানতে পেয়ে থানায় গিয়ে তাকে শনাক্ত করেন। পরে ওসিকে বিষয়টি অবগত করলে আজাদকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ২০১৩ সালে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ। সেই সময় তিনি রাজধানীর শাহবাগ এলাকায় গণজাগরণ মঞ্চে বক্তব্য দিয়েছেন বলে ভাষ্য পুলিশের। 

ভালুকা উপজেলা জামায়াত আমীর সাইফুল্লাহ পাঠান ফজলু বলেন, “আমাদের নেতারা ছিল নির্দোষ। তাদের বিরুদ্ধে মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইবুনাল গঠন করে শহীদ করা হয়েছে। এ দোসরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ জন্য দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।”

ওসি হুমায়ুন কবির বলেন, মারামারির মামলায় সন্ধিগ্ধ আসামি গণজাগরণ মঞ্চের নেতা আজাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “যে মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে, সেটি তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”