১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে গুটি আম নামবে ১৫ মে, ৩০ মে খিরসাপাত

পঞ্জিকা অনুযায়ী, ২২ মে থেকে বাজারে আসবে গোপালভোগ, লক্ষ্মণভোগ আসবে ২৫ মে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2026, 11:15 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

রাজশাহীর আম বাজারজাত ও পরিবহনে শৃঙ্খলা আনতে চলতি মৌসুমের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করেছে জেলা প্রশাসন। 

অপরিপক্ব আম যেন কোনোভাবেই বাজারে ঢুকতে না পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম পরিবহন, সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এই পঞ্জিকা প্রকাশ করা হয়।

পঞ্জিকা অনুযায়ী, ১৫ মে থেকে সব ধরনের গুটি আম নামানো যাবে। এছাড়া গোপালভোগ ২২ মে, রাণীপছন্দ ও লক্ষ্মণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, ব্যানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ও ফজলি ১৫ জুন থেকে সংগ্রহ করা যাবে।

এছাড়া বারি আম-৪ নামানো যাবে ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই ও গৌড়মতি ১৫ জুলাই থেকে। কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারাবছর বাজারে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

সভায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আমচাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে এই ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, “কেউ যেন নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম বাজারজাত করতে না পারে, সেজন্যই এই ক্যালেন্ডার করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে আম নামালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও বিভিন্ন কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।