১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দেওয়া হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

“আমাদের চাষিরা যাতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদুৎ পায় সে ব্যাপারে সরকার তৎপর আছে।”

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2026, 06:52 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

চাষাবাদের কথা মাথায় রেখে কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেছেন, “আমাদের চাষিরা যাতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদুৎ পায় সে ব্যাপারে সরকার তৎপর আছে।”

শুক্রবার দুপুরে ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ সব কথা বলেন প্রতিমন্ত্রী ফরহাদ।

তিনি বলেন, “বর্তমানে যে বৈশ্বিক অবস্থা, তার ওপর যুদ্ধ চলছে। এখন পৃথিবীর সব দেশেই সংকট চলছে। সব দেশে তেলের দর বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত আমাদের-সরকার তেলের দাম বৃদ্ধি করেনি।

“সরকার তেল সরবরাহের চেষ্টা করে যাচ্ছে, তবে সকলকে মনে রাখতে হবে সময়টা গরম, এর মধ্যেই অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে সংকট সৃষ্টি করতে চায়। এ বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।

জ্বালানি তেলের বিষয়টি নিয়মিত কঠোরভাবে নজরদারি করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সরকারে সকল কর্মকাণ্ডে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথাও উল্লেখ করেন তিনি।

এ সময় ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের এমপি নায়ার ইউসুফ আহমেদ, পাউবোর প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতান মাহমুদ, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান উপস্থিত ছিলেন।