১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

থার্টি ফার্স্ট: কক্সবাজারে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে মদের দোকান

নতুন বছর ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যটন শহরে সাতটি নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 09:55 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে কক্সবাজারে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত জেলার সব বার ও মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ

নতুন বছর ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যটন শহরে সাতটি নিষেধাজ্ঞা জারি করে মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশের এক বিবৃতি দিয়েছে। 

কক্সবাজার জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, “পর্যটকসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থ বিবেচনায় ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সব বার ও মদের দোকানে মদ ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বন্ধ থাকবে।”

তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার শহর ও সমুদ্রসৈকত এলাকায় আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে দুর্ঘটনা এড়াতে আতশবাজি ও পটকা বিক্রি ও বিপণন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, উন্মুক্ত স্থান ও সড়কে কোনো ধরনের কনসার্ট, নাচ-গান বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এ ছাড়া উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো, রেসিং, জয় রাইড এবং বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, “থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হতে পারে।”

নারী পর্যটকদের নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশ বলছে, নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে যৌন হয়রানির ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

এদিকে হোটেল ও মোটেল কর্তৃপক্ষকে তাদের ইনডোর অনুষ্ঠানের তথ্য এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে জেলা পুলিশের বিশেষ শাখাকে (ডিএসবি) অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ বলছে, নতুন বছরকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বরণ করতে শহরজুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।