১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় ১০-১২ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে বিএসএফ এই অপচেষ্টা করে বলে বিজিবি জানিয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 11:51 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। 

তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ ও দৃঢ় অবস্থানের মুখে তা ব্যর্থ হয়েছে।

বিজিবি-১৭ নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, শুক্রবার দুপুরে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বিজিবির দায়িত্বপূর্ণ খুরমী বিওপির দক্ষিণ দিকে আনুমানিক সাড়ে তিন কিলোমিটার দূরে কালিন্দী নদীর মধ্যবর্তী চর এলাকার ‘বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট’ নামক স্থানে এ ঘটনা ঘটে। 

সেখানে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা একটি নৌকা ও একটি স্পিড বোটে করে অজ্ঞাত ১০-১২ ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

বিষয়টি টহলদলের নজরে আসামাত্রই বিজিবি সদস্যরা স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং সরাসরি বাধা প্রদান করেন। 

বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয় এবং তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় বলে বিজিবির অধিনায়ক জানান।

তিনি বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে যেকোনো ধরনের পুশ ইনের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম বহুগুণ জোরদার করা হয়েছে।