Published : 11 Mar 2026, 08:47 PM
পরিবেশ অধিদপ্তরের আইন না মেনে ইট প্রস্তুত করায় নরসিংদীর পলাশ উপজেলার পাঁচ ইটভাটা মালিককে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার ডাংগা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয় বলে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. বদরুল হুদা জানান।
তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালানো হয়।

এ সময় ডাঙ্গা ইউনিয়নের কাজৈর এলাকার মেসার্স এম এ এস ব্রিক ফিল্ড, মেসার্স আজিজ বকুল ব্রিক ফিল্ড, ইসলামপাড়া এলাকার মেসার্স কম্বাইন্ড ব্রিকস, মেসার্স বন্ধু ব্রিকস (৭৭৭) এবং মেসার্স একতা ব্রিক ফিল্ডকে এক লাখ ৫০ হাজার টাকা করে মোট সাড়ে সাত লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। এ ছাড়া ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। এ সময় নরসিংদী জেলা কার্যালয়ের পরিদর্শক সমর কৃষ্ণ দাস উপস্থিত ছিলেন।
এতে র্যাব-১১ এর একটি টহল দল এবং নরসিংদী জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বদরুল হুদা বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।