সুনামগঞ্জে প্রশিক্ষণ শেষে সনদ পেল শিশু সাংবাদিকরা
ইউনিসেফের অংশীদারত্বে এই আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সুনামগঞ্জের ২০ স্কুল পড়ুয়া সাংবাদিকতায় প্রশিক্ষণ শেষে সনদ পেয়েছে।
শনিবার জেলা সমাজসেবা কমপ্লেক্সের হলরুমে কর্মশালার উদ্বোধন হয়। রোববার বিকালে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারী শিশুদের প্রত্যেককে সনদ দেওয়া হয়।
ইউনিসেফের অংশীদারত্বে এই আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
হ্যালো’র জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি শামস শামীমের সভাপতিত্বে এবং সাংবাদিক ছায়াদ হোসেন সবুজের উপস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায় প্রধান অতিথি এবং সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হ্যালো’র প্রশিক্ষক মো. মনির হোসেন।
সুচিত্রা রায় প্রশিক্ষণার্থী শিশুদের উদ্দেশে বলেন, “উন্নত প্রযুক্তির যুগে বাস করছি আমরা। এখন সব কিছু সহজ হলেও এই প্রশিক্ষণ তোমাদের ভিত্তি গড়ে দেবে। প্রশিক্ষণলব্দ জ্ঞান পরবর্তীতে পেশাগত জীবনে বিশেষ কাজে দেবে।”
তিনি বলেন, “এখন সহজ হয়েছে সাংবাদিকতা। প্রযুক্তির কল্যাণে অনেক গুজব, মিথ্যা তথ্যও ভেসে বেড়ায়। তাই এই বিষয়ে সচেতন হতে হবে। শুরুতেই তোমরা এই প্রশিক্ষণ পাওয়ায় ভাগ্যবান। গুজব ও মিথ্যা তথ্য থেকে দূরে থাকার সুযোগ করে দেবে এই প্রশিক্ষণ।”
সুনামগঞ্জে বাল্যবিয়ের প্রবণতা রোধে কোমলমতি প্রশিক্ষণার্থীদের সচেতন থাকার আহ্বান জানান সুচিত্রা রায়।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন বলেন, “এই প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রান্তিক শিশুদের অধিকার, স্কুলের শিশুদের সমস্যা-সম্ভাবনা, সৃজনশীলতা, সংকট নিয়ে কাজ করার বহু সুযোগ পাবে তোমরা। এতে তোমাদেরও উপকার হবে; পাশাপাশি দেশ ও সমাজ উপকৃত হবে।”
সমাপনী অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি করে শোনায় প্রশিক্ষণার্থী জুবিন তালুকদার। এর আগে সবার হাতে সনদ তোলে দেওয়া হয়।
কর্মশালায় সুনামগঞ্জ জেলা-উপজেলার স্কুল ও মাদরাসার ২০ শিক্ষার্থী অংশ নেন।
