২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ রক্তের ব্যাগ ও ইনসুলিন, জরিমানা

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 11:07 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

চুয়াডাঙ্গা সদর উপজেলার একটি ওষুধের দোকনে মেয়াদোত্তীর্ণ রক্তের ব্যাগ ও ইনসুলিন পাওয়ায় জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে উপজেলার হিজলগাড়ি বাজারের মেসার্স সুমি ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানান অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি বলেন, দোকানের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রক্তের ব্যাগ ও ইনসুলিন পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক আশরাফুল আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা এবং যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করতে সতর্ক করা হয়।

সহকারী পরিচালক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।