রাজশাহীতে সাবেক এমপিসহ ৮২ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা
শনিবার রাতে উপজেলা যুবদলের সদস্য আব্দুল মতিন বাদী হয়ে মামলাটি করেন।
বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনায় রাজশাহীর বাঘমারার সাবেক সংসদ সদস্যসহ ৮২ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার রাতে উপজেলা যুবদলের সদস্য ও হামিরকুৎসা ইউনিয়নের খাপুর গ্রামের বাসিন্দা আব্দুল মতিন (৩২) বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি করেন বলে বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার জানান।
মামলায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু, তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভিনসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়েছে।
বাদী আব্দুর মতিন বলেন, আবুল কালাম আজাদের নির্দেশে রামরামা গ্রামের যুবদল নেতা মুনসুর রহমানকে ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া এলাকায় পিটিয়ে জখম করার পর পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করে ফেলে রেখে চলে যায় যুবলীগের ক্যাডারা। অল্পের জন্য প্রানে বেঁচে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর তারা বিএনপির মিছিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের মারপিট করে এবং বোমা বিস্ফোরণ ঘটায়। সেই ঘটনায় মামলা করা হয়েছে।
মামলার বরাত দিয়ে বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ৫ অগাস্ট সরকারের পতনের আগে উপজেলা বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু ও তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভিন দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ, হাট-বাজারে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া ওইদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মারপিট ও গুলি করে জখম করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ওসি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
