দেশে ‘ধর্মীয় গৃহযুদ্ধ’ লাগানোর পাঁয়তারা চলছে: ফজলুর রহমান
কিশোরগঞ্জের অষ্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশে একটি গোষ্ঠী ‘ধর্মীয় গৃহযুদ্ধ’ লাগানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা ফজলুর রহমান।
রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে ফেলার ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়ে তিনি বলেন, “যারা এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত তারা প্রকৃত মুসলমান নন। এসব করে দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা চলছে।
“তাই প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানকে এ ধরনের অপকর্ম মোকাবিলা ও প্রতিরোধ করতে হবে।”
শনিবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা সদরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুছ এবং পরে মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বিতর্কিত’ মন্তব্যের জেরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য পদ স্থগিত হওয়া ফজলুর রহমান বলেন, “আমি কোনো তরিকার বিরুদ্ধে না। যে যেই তরিকায় বিশ্বাস করেন, তিনি সেই নিয়ম স্বাধীনভাবে পালন করবেন। কেউ কাউকে বাধা দিতে পারবে না।”
এ সময় তিনি মাজার ভাঙার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।
সকাল ১১টায় অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হওয়া একটি বিশাল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুতুবশাহী মসজিদ প্রাঙ্গণে গিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, উপজেলা আহলে সুন্নতে জামাতের আহ্বায়ক মাওলানা জালাল উদ্দিন আশরাফী, সদস্যসচিব মাওলানা রেদুওয়াানুল হক আশরাফী।
