সিরাজগঞ্জে ৩ কেজি হেরোইনসহ ট্রাকচালক গ্রেপ্তার
যমুনা সেতুর পশ্চিমপাড় টোল প্লাজা এলাকায় একটি ট্রাক তল্লাশি করে মাদকসহ চালককে আটক করা হয় বলে জানায় র্যাব।
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কে একটি ট্রাক তল্লাশি করে তিন কেজি ৯০ গ্রাম হেরোইন জব্দ করেছে র্যাব। এ সময় ট্রাক চালককেও আটক করা হয়।
সোমবার ট্রাক চালককে বিরুদ্ধে মামলা দিয়ে যমুনা সেতু পশ্চিমপাড় থানায় হস্তান্তর করা হয় বলে জানান র্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আহসান হাবিব।
গ্রেপ্তার ইসমাইল হোসেন (৩১) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাটিকুড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
র্যাব থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত সাড়ে ১০টার দিকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় র্যাব-১২ এর একটি দল যমুনা সেতুর পশ্চিমপাড় টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।
এ সময় একটি ট্রাক তল্লাশি করে তিন কেজি ৯০ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে চালক ইসমাইলকে আটকের পাশাপাশি তার কাছ থেকে ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় যমুনা সেতু পশ্চিমপাড় থানায় মামলা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
