গাজীপুর সিটির আড়াই কোটি টাকা আত্মসাতের মামলা জাহাঙ্গীরের বিরুদ্ধে
দুদকের ভাষ্য, এটি ছিল ‘সুপরিকল্পিত প্রতারণা’, যেখানে সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে গাজীপুর সিটি করপোরেশনের নাম ব্যবহার করে ‘জালিয়াতি’ করা হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
দুদকের সহকারী পরিচালক, মো. আশিকুর রহমান মঙ্গলবার সংস্থার গাজীপুর সমন্বিত কার্যালয়ে এ মামলা করেন বলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান।
এজাহারে বলা হয়, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের কোনাবাড়ি শাখায় ‘গাজীপুর সিটি করপোরেশন’ নামে একটি ‘ভুয়া’ চলতি হিসাব খোলা হয়। হিসাব খোলার সময় কেওয়াইসি ফরমে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তার ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করেন। সিটি করপোরেশনের কোনো সভার রেজুলেশন ছাড়াই একক স্বাক্ষরে তিনি ওই হিসাব পরিচালনা করেন।
মামলায় বলা হয়, ২০২১ সালের মার্চ পর্যন্ত ওই হিসাবে দুই কোটি ৬০ লাখ ২৪ হাজার ৯৯৫ টাকা জমা হয়। এর মধ্যে দুই কোটি ৬০ লাখ টাকা নগদে উত্তোলন করা হয়, পে-অর্ডারের মাধ্যমে তোলা হয় ৮ হাজার ৫ টাকা। বাকি ১৬ হাজার ৯৯০ টাকা ভ্যাট ও অন্যান্য খাতে কর্তন করা হয়।
ওই অর্থ সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যবহারের বদলে ‘ভুয়া বিল-ভাউচার তৈরি করে আত্মসাৎ’ করা হয়েছে বলে দুদকের ভাষ্য।
মামলার অন্য আসামিরা হলেন, প্রিমিয়ার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. মোতালিব হোসেন, ব্যাংক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের সার্ভেয়ার মোকলেছুর রহমান মুকুল, শামীম হোসাইন, আশরাফুল আলম রানা এবং প্লুটু চাকমা।
দুদকের ভাষ্য, এটি ছিল ‘সুপরিকল্পিত প্রতারণা’, যেখানে সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে গাজীপুর সিটি করপোরেশনের নাম ব্যবহার করে ‘জালিয়াতি’ করা হয়েছে।
