Published : 08 Feb 2026, 04:44 PM
নরসিংদীতে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করার প্রতিশ্রুতি দিয়েছেন সদর আসনের বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন।
রোববার দুপুরে চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইশতেহার বা কর্মপরিকল্পনা ঘোষণায় এ অঙ্গীকারের কথা জানান নরসিংদী-১ আসনের প্রার্থী খোকন।
ইশতেহারে তিনি বলেন, নরসিংদীর উন্নয়ন দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল। মানুষের প্রাণের দাবি হলেও এই জেলায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ স্থাপন করা হয়নি। তাই তিনি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে প্রথমেই একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য কাজ শুরু করবেন।
তিনি জানান, বিজয়ী হলে মসজিদ মাদ্রাসা ও মন্দিরভিত্তিক উন্নত প্রযুক্তি সমৃদ্ধ কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম যুব সমাজকে বিদেশে কর্মসংস্থানের পদক্ষেপ গ্রহণ করা হবে।
নরসিংদী পৌরসভাকে সিটি করপোরেশনে রুপান্তর ও মাধবদী পৌরসভায় আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিতকরণে মাস্টার প্ল্যান গ্রহণ করা হবে।
নরসিংদীকে শিল্পবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়ে তিনি বলেন- বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুণরায় চালু করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান, দখলবাজ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।
এছাড়া ‘সমন্বিত চর উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করে চর এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎ, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, দলগত ও পারিবারিক আধিপত্য নিরসনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণসহ ফেরি চলাচলের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
শিশু-কিশোরদের শিক্ষা, মেধা বিকাশে খেলার মাঠ ও চিত্ত বিনোদন কেন্দ্র স্থাপন করা হবে।
ইউনিয়ন ও নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো দুর্নীতিমুক্ত, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা, ভ্যাকসিনেশন ও গ্রামভিত্তিক মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
আহত জুলাই যোদ্ধাদের সু-চিকিৎসা ও পুনর্বাসনসহ স্মৃতি জাদুঘর নির্মাণ করার কথাও ইশতেহারে জানান তিনি।
এছাড়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন দলের পরিকল্পনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় উপাসনালয়ের প্রধানদের সম্মানী ভাতা ও উৎসব ভাতার কথাও ইশতেহারে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, হারুন অর রশিদ, এম. এ জলিল, গোলাম কবির কামাল, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ উপস্থিত ছিলেন।