Published : 03 Feb 2026, 06:01 PM
মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আসনটির স্বতন্ত্র ও ঘোড়া প্রতীকের প্রার্থী মো. তোজাম্মেল হক তোজা এ অভিযোগ করেন।
তিনি জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
লিখিত বক্তব্যে তোজাম্মেল বলেন, বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ঘোষণার পর থেকেই তার সমর্থক ও নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে ভয়ভীতি, হুমকি ও হয়রানি চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, ঘিওর, শিবালয় ও দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় তার সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখানো, মারধর এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে।
এমনকি কোথাও কোথাও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, প্রকাশ্যে ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করলে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ‘প্রাণনাশের’ হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে পরিবার-পরিজনের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচনি কার্যক্রম থেকে সরে দাঁড়াতে চাপ সৃষ্টি করা হচ্ছে।
এমনকি কোনো কোনো ক্ষেত্রে পরিবারের সদস্যদের জিম্মি করে নেতাকর্মীদের নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে তোজাম্মেল হক দাবি করেন, প্রশাসন ও পুলিশ বাহিনীর একটি অংশকে ব্যবহার করে নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল, কম ভোট পড়লেও ফলাফল নিজেদের পক্ষে নেওয়া হবে বলেও প্রচার করা হচ্ছে।
এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।