Published : 10 Jul 2026, 06:58 PM
রাজনীতি ক্ষমতা ভোগের কোনো প্রক্রিয়া নয়; জনগণের ভাগ্য উন্নয়নের একটি মাধ্যম বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি সবুজ বিপ্লবের মাধ্যমে দেশের কৃষি ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
তিনি বলেন, বর্তমান সরকার পরিবেশবান্ধব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করছে।
গণতান্ত্রিক লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মন্তব্য করে জহির উদ্দিন স্বপন বলেন, যে রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায়, তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হয়।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সক্ষমতার পরিচয় দিয়েছেন। দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক পথ অনুসরণ করে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করেছেন।
রাজপথের আন্দোলন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সামাজিক কার্যক্রম এবং দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র মেরামতের রূপরেখা প্রণয়নের মাধ্যমে তিনি একজন রাষ্ট্রনায়কের পরিচয় দিয়েছেন।”
শিক্ষার্থীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও আদর্শ তুলে ধরতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর বরিশাল সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন বরিশাল সফরের মূল কর্মসূচি বৃক্ষরোপণ হলেও সফরকালে দলের নীতি-নির্ধারক ও দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে এ অঞ্চলের উন্নয়ন নিয়ে আলোচনা করবেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের এই বরিশাল সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঔষধি ও ফলদ গাছের চারা রোপণ করেন।