১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ভোটের মাঠে থাকা বিজিবির ৪ সদস্য দুর্ঘটনায় আহত

টহল দলটিকে বহন করা টমটম গাড়ির সামনের অংশ ভেঙে সড়কের পাশে খাদে পড়ে গেলে ৪ বিজিবি সদস্য আহত হন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2024, 10:11 AM

Updated : 05 Jan 2024, 10:11 AM

ভোলার মনপুরায় নির্বাচনী দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির একটি টহল গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় ওই দুর্ঘটনায় বাহিনীর চার জন সদস্য আহত হয়েছেন।

তাদের মধ্যে হাবিলদার নুরুজ্জামান ও সিপাহী লক্ষণকে ভোলার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বলে মনপুরা থানার (ওসি) কামরুল ইসলাম জহির জানিয়েছেন। 

অন্য দুই জনের আঘাত কম হওয়ায় তারা ব্যারাকে ফিরে গেছেন বলে জানান ওসি।

পুলিশ কর্মকর্তা কামরুল বলেন, মনপুরা উপজেলায় নির্বাচনি ডিউটিতে ছিল নৌবাহিনী ও বিজিবির দু’টি টহল দল।

“বিকাল ৫টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় বিজিবির টহল দলটিকে বহন করা টমটম গাড়ির সামনের অংশ ভেঙে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা ৪ বিজিবি সদস্য আহত হন।”