১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে ৬ কোটি টাকার সোনার বার ফেলে ভারতে পালাল ‘পাচারকারী’

ভোরে সীমান্তের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি তিনটি পোটলা ফেলে ভারতে পালিয়ে যান বলে জানায় বিজিবি।

ঝিনাইদহে ৬ কোটি টাকার সোনার বার ফেলে ভারতে পালাল ‘পাচারকারী’
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় জব্দ করা ৩১টি সোনার বার।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2025, 05:02 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্ত থেকে প্রায় ছয় কোটি টাকার ৩১টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। তবে পাচারকারী ব্যক্তি ভারতে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার ভোরে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্ত থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয় বলে জানান বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রাতে কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে এক ব্যক্তিকে তিনটি পোটলা নিয়ে সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় বিজিবি চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি পোটলা ফেলে ভারতে পালিয়ে যান।

পরে পোটলা তিনটি তল্লাশি করে চার কেজি ২০৩ দশমিক ১১ গ্রাম ওজনের ৩১টি সোনার বার উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ৮৩ লাখ তিন হাজার টাকা বলে জানায় বিজিবি।

জব্দ করা সোনার বারগুলো মহেশপুর থানায় জিডির মাধ্যমে জব্দ তালিকা তৈরি করে ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক।