১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকির অভিযোগ শ্রমিক নেতার বিরুদ্ধে

“সারীঘাট বারকি শ্রমিক সংগঠনের সভাপতি আমির আলী আমার হাত কেটে নেওয়ার হুমকি দেন।”

সিলেটে সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকির অভিযোগ শ্রমিক নেতার বিরুদ্ধে
সিলেটের জৈন্তাপুর উপজেলায় এক সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে শ্রমিক নেতা আমির আলীর বিরুদ্ধে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2024, 06:49 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

সিলেটের জৈন্তাপুর উপজেলায় এক সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে শ্রমিক নেতার বিরুদ্ধে। 

হুমকি পাওয়া দৈনিক কালবেলা ও সিলেটের স্থানীয় দৈনিক একাত্তরের কথা পত্রিকার জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি নাজমুল ইসলাম শনিবার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান সোমবার সাংবাদিকদের বলেন, “সাংবাদিক নাজমুলকে হাত কাটার হুমকির ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”   

সাংবাদিক নাজমুল ইসলাম বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ের দৃশ্য ধারণের সংবাদ প্রচার করায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে আমার মোবাইলে সারীঘাট বারকি শ্রমিক সংগঠনের সভাপতি আমির আলী আমার হাত কেটে নেওয়ার হুমকি দেন। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রাতেই থানায় জিডি করেছি।”

সাংবাদিক নাজমুল ইসলাম ও শ্রমিক নেতা আমির আলীর কথপোকথনের একটি অডিও সাংবাদিকদের কাছে এসেছে। সেখানে শ্রমিক নেতা আমির আলি সাংবাদিক নাজমুলকে বলছেন, “তুমি কয়েক হাজার শ্রমিকের পেটে লাথি মারতেছ।… তুমি বালু উত্তোলনের খবর ইউএনও অফিসে দেও তার সব খবর আমি পাই।… বেশি বাড়াবাড়ি করবায় না। বেশি বাড়াবাড়ি করলে তোমার হাত কাটি ফালাই দিমু।”

এ বিষয়ে জানতে সারীঘাট বারকি শ্রমিক সংগঠনের সভাপতি আমির আলীর মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।