Published : 28 Jun 2026, 06:07 PM
ভূমি মন্ত্রণালয়ের সচিব এ এস এম সালেহ আহমেদ আকস্মিক নরসিংদী সদর উপজেলা ভূমি কার্যালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের না পাওয়ায় এসিল্যান্ডসহ আটজনকে শোকজ করা হয়েছে।
রোববার নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে আটজনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়।
নোটিস পাওয়া ব্যক্তিরা হলেন- সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, কানুনগো মো. খলিলুর রহমান, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা (প্রেষণে) হিটলু চন্দ্র বাউল, নাজির কাম ক্যাশিয়ার মো. সাহিদুজ্জামান মৃধা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. হানিফা ভূঁইয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মজিবুর রহমান, অফিস সহায়ক মো. মহসিন মিয়া এবং চেইনম্যান মো. মোবারক হোসেন।
নোটিসে বলা হয়, “রোববার সকাল ৯টার পর ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ সদর উপজেলা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে আসেন। এ সময় তিনি সদর এসিল্যান্ডসহ আট স্টাফকে দপ্তরে উপস্থিত পাননি; যা সরকারি নির্দেশনার পরিপন্থি ও অসদাচরণের শামিল।”
এমন আচরণের জন্য সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা-২০২৪ মোতাবেক কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠানো হবে না তা তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নোটিসে বলা হয়েছে।
নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি দপ্তরে যথাসময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করে সেবা বৃদ্ধির জন্য জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।”
ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে হঠাৎ নরসিংদী সদর এসিল্যান্ড অফিস পরিদর্শনে গিয়ে আট কর্মকর্তা-কর্মচারীর কাউকে পাইনি। পরে জেলা প্রশাসনকে জানালে আটজনকে শোকজ করা হয়।”