Published : 05 Sep 2026, 11:30 PM
সিরাজগঞ্জে আদালত ভবনের দোতলা থেকে লাফিয়ে পালানো চুরি মামলার আসামিকে দুই দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ১০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ছাতিয়ানতলি এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
চুরি মামলার হাজতি আসামি আব্দুল মোমিন (২২) জেলা শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে।
দায়িত্বে অবহেলার অভিযোগে হাজতখানায় কর্তব্যরত ১০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে দুইজন এসআই, তিনজন এটিএসআই, তিনজন পুরুষ ও দুইজন নারী পুলিশ সদস্য রয়েছেন।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ঘটনার দিনই ১০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আদালত পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী বলেন, বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে মোমিনকে জেলা কারাগার থেকে এনে হাজতখানায় রাখা হয়। সেই সময় আদালত পুলিশের এক সদস্য অন্য এক আসামির হ্যান্ডকাপ খোলায় ব্যস্ত ছিলেন। ঠিক তখনই মোমিন গেইটে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেন।
তিনি বলেন, এরপর মোমিন আদালতের দোতলার বারান্দা দিয়ে দৌড়ে গিয়ে নিচে লাফ দেন। ওই বারান্দায় কোনো গ্রিল ছিল না। পরে আদালত চত্বর থেকে পালিয়ে যান মোমিন।
এ ঘটনায় বৃহস্পতিবার আদালত পুলিশের পক্ষ থেকে থানায় মামলা করা হয় বলে জানান রওশন ইয়াজদানী।