Published : 05 Jun 2026, 10:05 AM
গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো বাসকে আরেকটি বাস ধাক্কা দিলে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হন অন্তত ২৫ জন।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান।
নিহতরা হলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতাভ হাওলাদার (৪২) ও শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে কামাল (৩০)।
এসআই সোহেল বলেন, রাতে ঢাকাগামী বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাঘদী ব্রিজে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের বাস বিআরটিসি বাসটিকে ধাক্কা দেয়। এতে দুটি বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
তাদের মধ্যে গুরুতর আহত অমিতাভ ও কামালকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।