কোম্পানীগঞ্জে ৩৬৭ বোতল বিদেশি মদসহ র্যাবের হাতে যুবক আটক
একটি চক্র দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় অবৈধভাবে বিদেশি মদ মজুদ রেখে খুচরা দামে বিক্রি করে আসছিল বলে র্যাব জানায়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাসা ভাড়া নিয়ে মদের কারবার চালানোর অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব। জব্দ করা হয়েছে ৩৬৭ বোতল বিদেশি মদ।
বুধবার বসুরহাট পৌরসভার চরহাজারী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে র্যাব-১১ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানিয়েছেন।
আটক ৩২ বছর বয়সী রাজীব ভৌমিক উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের বিকাশ ভৌমিকের ছেলে।
মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, “গোপন সংবাদে ওই বাসায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি করে ৩৬৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।”
রাজীবসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় অবৈধভাবে বিদেশি মদ মজুদ রেখে খুচরা দামে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে র্যাবের এ কর্মকর্তার ভাষ্য।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
